ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এক প্রান্তিক কৃষককে মারধরের অভিযোগে সার ডিলার আরফান কবিরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কেডিকে ইউনিয়নের সাধারণ কৃষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত সার ডিলার আরফান কবির খয়েরহুদা গ্রামের কাসেম মল্লিকের ছেলে।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসী টগরের ক্যাডার সার ডিলার আরফান কবির দীর্ঘদিন ধরে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছে। কৃষকদের সার না দিয়ে গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করছে। পরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করছে। ফলে কৃষকরা ফসল উৎপাদন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এর প্রতিবাদ করায় গত সোমবার খয়েরহুদা গ্রামের মৃত আজিজ মন্ডলের ছেলে কাকন রেজাকে (২৬) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আরফান কবিরের বিরুদ্ধে। এসব ঘটনার কোনো প্রতিকার না হওয়ায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী কৃষক কাকন রেজা বলেন, ‘আমি প্রান্তিক কৃষক, কষ্টের মধ্য দিয়ে ফসলি আবাদ করছি। ফসলের জন্য সার প্রয়োজন হওয়ায় সোমবার ডিলার আরফান কবিরের কাছে যাই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরও আমাকে সার না দিয়ে পরে আসতে বলে। পুনরায় গেলে ৫০ কেজি টিএসপি সারের বস্তা সরকার নির্ধারিত ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ১০০ টাকা দাবি করে। আমি এর প্রতিবাদ করলে সে আমাকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এছাড়া সে আমাকে হুমকি দিয়ে বলে, ‘তুই বিএনপি করিস, তোকে আর কখনো সার বিক্রি করব না।’ পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
অন্যদিকে কৃষক আলী আকবর অভিযোগ করে বলেন, আরফান কবির কৃষকদের সার না দিয়ে গুদামজাত করে রাখে। পরে সংকট তৈরি করে দ্বিগুণ দামে বিক্রি করে। দুর্নীতির প্রতিবাদ করলে সে তার গুন্ডাবাহিনী দিয়ে কৃষকদের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি, কৃষকদের স্বার্থে এ ধরনের দুর্নীতিবাজদের ডিলারশিপ বাতিল করা হোক।
