ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পাখি পাচারকারীদের কবল থেকে ৭০টি হিরামন টিয়া উদ্ধার করেছে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ তেলপাম্পের কাছে মানবতার জন্য সংগঠনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
সংগঠনের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা প্রায় ২০০টি টিয়া পাখি বহনকারী একটি অটোরিকশার সন্ধান করছিলেন। বিকেল চারটার দিকে সন্দেহভাজন গাড়িটি থামানোর চেষ্টা করলে পাচারকারীরা একটি খাঁচা ফেলে দ্রুত পালিয়ে যায়। খাঁচাটিতে বন্দী ছিল ৭০টি হিরামন টিয়া। পরে বন বিভাগ, মানবতার জন্য সংগঠন, পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে টিয়াগুলোকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশীষ মোমতাজ বলেন, ‘পাখিগুলো পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সংগঠনের উদ্যোগ প্রশংসনীয়।’ মানবতার জন্য সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু বলেন, ‘আমরা নিয়মিত পাখি শিকারীদের বিরুদ্ধে বন বিভাগের সহযোগিতায় অভিযান চালাই। প্রকৃতির এই সৌন্দর্য্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন সরকার জানান, ‘ভাদ্র মাসে সীমান্ত পেরিয়ে টিয়া পাখি আমাদের দেশে আসে। তখন কিছু অসাধু শিকারী এদের ধরে পাচার করে থাকে। একটি টিয়া ৩ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হয়।’ এসময় বন বিভাগের কর্মকর্তারা, সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআইসহ পুলিশের একটি টিম, ডিএসবি সদস্য এবং সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
