ছবির ক্যাপশন:
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় বিভিন্ন মাদক ও ওষুধ উদ্ধার হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিভিন্ন সময়ে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আজ সোমবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে, বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করেন হাবিলদার মনির হোসেন। এ অভিযানে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৫৮৪ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার হয়। বেলা তিনটার দিকে রাজাপুর বিওপির সীমান্ত পিলার ৭২/১-এস থেকে, মানিকপুর গ্রামের একটি আম বাগানে অভিযান পরিচালনা করেন নায়েক জিয়াউর রহমানের নেতৃত্বাধীন দল। অভিযানে ৭ বোতল ভারতীয় মদ এবং পাঁচ হাজার পিস Cyproheptadine Hydrochloride Tablet IP (৪ মিলিগ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য এক লক্ষ টাকা।
একই দিন সন্ধ্যা ৭টায় মাধবখালী বিওপির সীমান্ত পিলার ৭১/৭-এস থেকে, ধোপাখালী গ্রামে অভিযান পরিচালনা করেন হাবিলদার শ্রী ভবতোষ কুমার বিশ্বাস। অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। রাত ১০টায় রাজাপুর বিওপির সীমান্ত পিলার ৭২/এমপি থেকে, মানিকপুর গ্রামে অভিযান চালান হাবিলদার আখতার হোসেন। এই অভিযানে আরও ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, অভিযানগুলোতে কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়নি। উদ্ধারকৃত মাদক ও ওষুধ নিয়মিত প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে। সীমান্তের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
