ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘আমাদের সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হলে ৫ বছরের মধ্যেই বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা সম্ভব।’ গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি আলমডাঙ্গার চিৎলা বাজার, কয়রাডাঙ্গা, খাদিমপুর মোড় ও ভালাইপুর গ্রামে গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভায় অংশ নেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. রাসেল বলেন, ‘ইসলামী সমাজ প্রতিষ্ঠা ছাড়া এই দেশে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। সমাজে যাকাতের সুষ্ঠু প্রচলন না থাকায় ধনীরা আরও ধনী হচ্ছে, আর গরিবরা রয়ে যাচ্ছে গরিবই। জামায়াতে ইসলামী যাকাতভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে সবার কল্যাণ সাধন করতে চায়।’
তিনি আরও বলেন, ‘যেসব নেতাদের অন্তরে আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তা নেই, তাদের দ্বারা দেশের অর্থ লুটপাট, দুর্নীতি ও অনাচার হওয়া স্বাভাবিক। জামায়াতের নেতা-কর্মীরা সবসময় আল্লাহর ভয় ও জবাবদিহিতার কথা মনে রাখেন, তাই তাদের দ্বারা অন্যায়-দুর্নীতি খুঁজে পাওয়া যায় না।’
কর্মসূচিতে সভাপতিত্ব করেন চিৎলা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ নিজামউদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা স্মার্ট টিমের সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা আমির আব্বাস উদ্দিন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, খাদিমপুর ইউনিয়ন আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি জিল্লুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক (২), চিৎলা ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আল-আমিন, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম প্রমুখ।
