ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে শহীদ ওয়াশিম আকরাম ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বেলগাছি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এর টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরিফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। আজকের যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। বিএনপি বরাবরই সুস্থ ও সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলার মানোন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। তাঁর কর্মসূচি বাস্তবায়ন করেছেন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা সেই আদর্শে অনুপ্রাণিত। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হলে সমগ্র দেশে খেলাধুলার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন হবে ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে না নিয়ে বরং পিছিয়ে দিয়েছে। আওয়ামী দোসরদের অত্যাচারে সাধারণ মানুষ নিজ ঘরে শান্তিতে ঘুমাতেও পারেনি। তবে সময় বদলেছে। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের জুলুম-অত্যাচার থেকে মুক্তির জন্য যে আন্দোলন গড়ে তুলেছিল, তার মুখে পড়ে অবশেষে সেই সরকারের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এখন আমরা নতুন স্বপ্ন দেখি, দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিয়ে পিছিয়ে পড়া মানুষকে সামনে এগিয়ে নেবেন এবং জনগণের অধিকার ফিরিয়ে দেবেন।’
তিনি বলেন, ‘তাই ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুবেন এ আমাদের বিশ্বাস।’
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘ভবিষ্যতে শহীদ ওয়াশিম আকরামের নামে আরও বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।’
অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোমিন মালিথা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাবেক সভাপতি ঝন্টু মালিথা প্রমুখ।
