ফেব্রুয়ারিতেই নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব

আপলোড তারিখঃ 2025-09-07 ইং
ফেব্রুয়ারিতেই নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব ছবির ক্যাপশন:

ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘নির্বাচন যে করেই হোক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচনকে ঠেকাতে পারবে না। নির্বাচন হবেই। সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

প্রেস সচিব আরও জানান, সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। শফিকুল আলম বলেন, "রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেখানে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে।"

তিনি বলেন, ‘বৈঠকে উঠে এসেছে, দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। এর সঙ্গে কিছু পতিত ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি বেপরোয়া হয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে মাঠে নামছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘এখন বিষয়টি শুধুই আইন-শৃঙ্খলা নয়, এটা জাতীয় নিরাপত্তার ইস্যু। দেশের সার্বিক নিরাপত্তা বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের স্বার্থে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। জুলাই গণঅভ্যুত্থানকে সামনে রেখে রাজনৈতিক ঐক্য ধরে রাখার ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়।’

শফিকুল আলম জানান, ‘ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করা হবে এবং নেপথ্যে সক্রিয় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)