ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ওলামা সমাবেশে ইসলামি চিন্তাবিদ, গবেষক ও বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ‘দেশ ও জাতিকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিতে হলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্য থেকে মুক্তি পেতে এবং মানুষের মাঝে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের ঈমান ও আকিদার ভিত্তিতে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থী শক্তির ছাতার নিচে ঐক্যবদ্ধ হতে হবে।’ গতকাল শুক্রবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওলামা সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ বক্তব্য দেন। দিনভর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ সমাবেশে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ শান্তি, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন ছাড়া জনগণের দুঃখ-কষ্ট লাঘব সম্ভব নয়।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওলামা পরিষদের সভাপতি আকমান হোসাইন। তিনি বলেন, ‘দেশে ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করার নানা ষড়যন্ত্র চলছে। এই সময়ে ওলামাদের দায়িত্ব হলো ইসলামি দাওয়াতের প্রচার ও মুসলিম জনতাকে ঐক্যবদ্ধ রাখা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব ও মানবাধিকার বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ টিপু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, নায়েবে আমির দারুস সালাম এবং স্থানীয় ওলামা পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অস্থিরতা এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার উপায় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ইসলামি শিক্ষা ও নৈতিকতার চর্চাই পারে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে।
দিনব্যাপী এই সমাবেশে ওলামাদের বিভিন্ন বক্তৃতা ছাড়াও পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশিত হয়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী-পুরুষ ওলামাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
