এসিল্যান্ড সেজে ফোনে প্রতারণা, হোটেল মালিকের কাছে টাকা দাবি!

আপলোড তারিখঃ 2025-09-06 ইং
এসিল্যান্ড সেজে ফোনে প্রতারণা, হোটেল মালিকের কাছে টাকা দাবি! ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমানের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারক চক্রের সদস্যরা একাধিক খাবার হোটেল মালিকের কাছে ফোন করে টাকা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গত বুধবার দুপুর ১২টার দিকে ০১৯৬৮-৭৯৬৫৪৪ নম্বর থেকে উপজেলা প্রশাসনের কর্মচারী জহুরুল ইসলামের ব্যক্তিগত মোবাইলে ফোন দিয়ে এক প্রতারক নিজেকে এসিল্যান্ড হিসেবে পরিচয় দেয়। পরে সে জহুরুলকে বলে, ‘উপজেলা গেট ও বাসস্ট্যান্ড এলাকায় থাকা হোটেল মালিকদের সাথে আমাকে জরুরি কথা বলিয়ে দাও।’ সরল বিশ্বাসে জহুরুল একে একে পাঁচজন হোটেল মালিকের সঙ্গে প্রতারককে কথা বলিয়ে দেন।


এরপর প্রতারক ব্যক্তি হোটেল মালিকদের নিজ মোবাইলে (০১৯৬৮-৭৯৬৫৪৪) ফোন করতে বলেন এবং একে একে সবার সঙ্গে যোগাযোগ করে টাকা দাবি করেন। ইতোমধ্যে একজন হোটেল মালিক ১৫ হাজার টাকা বিকাশে পাঠিয়েছেন বলেও জানা গেছে। ঘটনার পর উপজেলা প্রশাসনের কর্মচারী ও ভুক্তভোগী হোটেল মালিকরা নিশ্চিত হন, এসিল্যান্ড কে এইচ তাসফিকুর রহমান সেদিন সকাল থেকেই দর্শনা পৌরসভা কার্যালয়ে ছিলেন এবং এ বিষয়ে কোনো ফোন দেননি। এটি প্রতারক চক্রের একটি সাজানো ফাঁদ ছিল।


ঘটনার বিষয়ে এসিল্যান্ড তাসফিকুর রহমান বলেন, ‘প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে যেভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে, তা খুবই দুঃখজনক। আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি এবং নিজেই দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১১১, তারিখ: ০৩-০৯-২৫) করেছি।’ তিনি আরও জানান, যারা এই প্রতারণার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)