ছবির ক্যাপশন:
বর্ষার স্নিগ্ধ আবহে দর্শনা অনির্বাণ থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষা উৎসব। গতকাল শুক্রবার সন্ধ্যায় থিয়েটার কার্যালয়ে উৎসবের উদ্বোধন করেন দর্শনা থানার এএসআই (অপারেশন) অনুপ দাস, অনির্বাণ থিয়েটারের সিনিয়র সদস্য কবিরুল হক লিপু, আওয়াল হোসেন ও সাজ্জাদ হোসেন। উদ্বোধনীতে শাপলা ফুলের মালা, ছাতা ও কচুপাতা দিয়ে সাজানো হয় মঞ্চ, যা উপস্থিত সবাইকে নিয়ে যায় বর্ষার আবহে। শুরুতেই মুন্সি কবির ও সাজ্জাদ হোসেন কবিতা আবৃত্তি করেন। পরে অনির্বাণ থিয়েটারের ইতিহাস ও কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সদস্যরা।
শিশুশিল্পীরা দলীয় সংগীত ‘মুক্ত মালার ছাতি মাথায় বর্ষা এলারে’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। অভিভাবক-শ্রোতাদের জন্য পরিবেশিত হয় গান ‘ওগো তোমার আকাশ দুটি চোখে’। এছাড়া একের পর এক কবিতা আবৃত্তি, নৃত্য ও কৌতুক সংগীত পরিবেশন করেন থিয়েটারের শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসআই মনি মহন সরকার, স্বপনা, মিলন, সাব্বির আলিম, খাইরুল ইসলাম ও রিদয়। পুরো আয়োজন পরিচালনা করেন বেতার শিল্পী মোস্তাক আহম্মেদ মনা ও প্রভাষক মিল্টন কুমার সাহা। অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় চড়ুইভাতির।
