ঝিনাইদহে ব্যবসায়ীর রহস্যময় হ ত্যা কা ণ্ড, দেয়ালে চিরকুট

গোল্ড ব্যবসা, দুই কোটি টাকার ঝামেলা, দুবাই কানেকশন- পুলিশের সামনে জটিল তদন্ত

আপলোড তারিখঃ 2025-09-05 ইং
ঝিনাইদহে ব্যবসায়ীর রহস্যময় হ ত্যা কা ণ্ড, দেয়ালে চিরকুট ছবির ক্যাপশন:

ঝিনাইদহে তোয়াজ উদ্দীন (৫৩) নামের এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। হত্যার মোটিভ নিয়ে পুলিশ এখনো অন্ধকারে থাকলেও এলাকাবাসী সম্ভব কারণ নিয়ে মুখ খুলতে শুরু করেছে। অনেকেই বলছেন, গোল্ডের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। এলাকায় তথ্য নিয়ে জানা গেছে, তোয়াজ উদ্দীন ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের হারিস আলী শেখের ছেলে। তিনি গ্রামের বাড়ি খুব একটা আসেন না, ঢাকায় ব্যবসা করতেন। তবে কী ব্যবসা করতেন, কেউ জানেন না। বাড়িতে আসলে দামি পাজেরো গাড়িতে করে ভিআইপি লোকজন আসা-যাওয়া করতো। তোয়াজ উদ্দীন নিজেও বিমানে আসা যাওয়া করতেন।


স্থানীয় ইউপি মেম্বার আতিকুর রহমান জানান, গত এক সপ্তাহ আগে তোয়াজ বাড়িতে আসেন। অবিবাহিত থাকার কারণে তিনি বাড়ি থেকে খুব একটা বের হতেন না। গত বুধবার বিকেলে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের তালা ভেঙে হাত পা বাঁধা অবস্থায় তার পঁচা লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী তার ভাই তাহাজ উদ্দীন জানান, তোয়াজের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে বাইরে থেকে তালা দিয়ে যায় ঘাতকরা। যাওয়ার সময় একটি চিরকুট লিখে রেখে যায়। তাতে লেখা ‘মারার কারণ সে রাসুল পাক (সা.)-কে গালি দিয়েছে, তাঁর নামে খারাপ কথা বলেছে, আল্লাহ আকবর।’


চাচাতো ভাই হাশেদ মহুরী জানান, বাড়ি এসে তোয়াজকে মোবাইলে কার সঙ্গে যেন দুই কোটি টাকা নিয়ে ঝামেলার কথা বলতে শোনা গেছে। এতে বোঝা যায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে গ্রামবাসী জানায়, তোয়াজ অবৈধ কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। বিশেষ করে গোল্ডের ব্যবসার কথা শোনা যাচ্ছে। গত মে মাসে সে দুবাই সফরে যায়। সিঙ্গাপুর ও ভারতে যাওয়ার কথা বলেছেন কেউ কেউ। ঝিনাইদহ শহরের হামদহ এলাকার সফি উদ্দীনের মাধ্যমে তোয়াজ বহু জায়গায় জমি কিনেছেন। ব্যাংকে তার টাকাও আছে।


ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গতকাল বৃহস্পতিবার বিকেলে জানান, তোয়াজের ঘর থেকে নগদ ৩৭ হাজার টাকা, ১৭টি দুবাই দিরহামের নোট, একটি পাসপোর্ট ও চেক বই উদ্ধার করা হয়। হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারে পুলিশের পাশাপাশি র‌্যাব, সিআইডি ও পিবিআই তদন্ত করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেয়ালে সাটানো চিরকুট পাওয়া গেলেও সেটিকে পুলিশ অতো গুরুত্ব দিচ্ছে না। ঘাতকরা দৃষ্টি ঘুরাতে এমন চিরকুট লিখে রেখে যেতে পারে বলে ওসি মন্তব্য করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)