ছবির ক্যাপশন:
দামুড়হুদায় বাংলা মদ রাখার অপরাধে এক মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাসইস্টান্ডে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম (৪২) চিৎলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানা যায়, দামুড়হুদা মডেল থানার এসআই উওম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে আশরাফুলকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে হাফ লিটার বাংলা মদ উদ্ধার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানকে অবহিত করেন। তৎক্ষণাৎ কে এইচ তাসফিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্থানীয় সকলের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আশরাফুলকে দোষী সাব্যস্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬/৫ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেন। গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করে দামুড়হুদা মডেল থানা-পুলিশ।
