চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে তুলে নিয়ে পিটুনি

‘অস্ত্রের ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা’

আপলোড তারিখঃ 2025-09-03 ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে তুলে নিয়ে পিটুনি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরে মোটরসাইকেল চোর সন্দেহে ওয়ালিদ (৩৫) নামের এক যুবককে তুলে নিয়ে পিটুনি দেয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেল ৫টার দিকে সদর থানাধীন ভিমরুল্লাহ জেলখানার পেছনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওয়ালিদ চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি মাঝেরপাড়ার মৃত একার উদ্দিনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট জিয়াউর রহমান নামের এক ব্যক্তির হোন্ডা ১১০ সিসি মোটরসাইকেল বেলগাছি পৌর পানির পাম্পের সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় তিনি একইদিন চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডি করেন এবং পরবর্তীতে ২৭ আগস্ট অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরইমধ্যে চোর সন্দেহে গত সোমবার দুপুরে জিয়াউর রহমান, তার ছেলে মাহবুব হাসান (২৪) এবং তাদের সহযোগী সোহেল রানাসহ (২০) আরও ১৫-২০ জন ওয়ালিদকে বেলগাছি এলাকা থেকে নতুন জেলখানার পেছনের নিয়ে মারধর শুরু করে। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এবং চুরির দ্বায় স্বীকার না করলে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয়।  রাত ৯টার দিকে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওয়ালিদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হন।


এ বিষয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন ওয়ালিদ বলেন, ‘আমি পূর্বে বিআরটিএ-তে কাজ করতাম। জিয়াউর রহমানের মোটরসাইকেল চুরি হলে সে আমার কাছে সাহায্য চায়, তার মোটরসাইকেল খুঁজে দিতে। আমি চেষ্টা করব বলি। এরইমধ্যে গত সোমবার কেউ একজন জিয়াউরের থেকে মোটরসাইকেল খুঁজে দিতে চেয়ে টাকা দাবি করে, যা জিয়াউরই আমাকে জানিয়েছে। সোমবার দুপুরে জিয়াউরের সঙ্গে দেখা করার জন্য আমি বেলগাছি রেলগেটে যায়।  এসময় জিয়াউরের ছেলেসহ অজ্ঞাত কয়েকজন সেখানে এসে আমাকে ইজিবাইকযোগে নতুন জেলখানার পেছনে নিয়ে মারধর করে। তাদের কাছে বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল, তারা আমাকে মারধর শুরু করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে ও মৃত্যুর হুমকি দিয়ে মোটরসাইকেল চুরি স্বীকার করতে বলে। আমি জীবন বাঁচাতে ভয়ে চুরির দ্বায় স্বীকার করলেও পরে পুলিশকে সব সত্যি বলে দিই। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘স্থানীয়দের হাত থেকে গুরুতর আহত ওয়ালিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেল চোর সন্দেহে তাকে পিটুনি দিয়েছে স্থানীয়রা। তবে ঘটনাটির বিষয়ে তদন্ত চালমান রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)