জরাজীর্ণ ঘরে শেষ সময় পার করছেন বৃদ্ধা মেগলী

আপলোড তারিখঃ 2025-09-02 ইং
জরাজীর্ণ ঘরে শেষ সময় পার করছেন বৃদ্ধা মেগলী ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের মন্ডলপাড়ায় মানবেতর জীবনযাপন করছেন অসহায় বৃদ্ধা মেগলী খাতুন। ভাঙাচোরা টিনের ছাউনি দিয়ে তৈরি একটি খুপড়ি ঘরই তার একমাত্র আশ্রয়। মরিচাধরা টিনের চালে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি চুইয়ে পড়ে ভিজে যায় ঘরের ভেতরের সবকিছু। রান্নার আলাদা ব্যবস্থা নেই, নেই নিয়মিত খাবারের নিশ্চয়তা—অভাব-অনটনই তার জীবনের নিত্যসঙ্গী।

স্থানীয়রা জানান, আনন্দবাস কারিগরপাড়ার মৃত শরেফ কারিগরের মেয়ে মেগলী খাতুন। অল্প বয়সে স্বামী তালাক দিয়ে চলে যান। পরবর্তীতে তিনি মারা যান বহু বছর আগে। একমাত্র মেয়ে লাভলীকে বিয়ে দিলেও কিছুদিন পরই মারা যায় সে। ফলে স্বামী, মেয়ে কিংবা নাতি-নাতনি—কেউই নেই তার জীবনে। জীবনের শেষ প্রান্তে এসে একেবারেই একা হয়ে পড়েছেন মেগলী খাতুন।

বর্তমানে আশেপাশের কিছু আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর দয়া-দাক্ষিণ্যেই কোনোভাবে বেঁচে আছেন তিনি। নিজস্ব জমি না থাকায় একই গ্রামের আশাদুল ইসলামের জমিতে ছোট্ট একটি ঘর তুলে মাথা গোঁজার ঠাঁই করেছেন। সেই ঘরও এখন ভেঙেচুরে বাস অযোগ্য হয়ে পড়েছে। 

স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেন বলেন, ‘মেগলী খাতুন একজন ভীষণ অসহায় বৃদ্ধা। তাকে আশ্রয়ণ প্রকল্পে যেতে বললেও তিনি রাজি নন। বর্তমানে তিনি বিধবা ভাতা পাচ্ছেন এবং ইউনিয়ন পরিষদ থেকেও কিছু সহযোগিতা করা হয়। তবে তার সবচেয়ে জরুরি প্রয়োজন একটি বাসযোগ্য ঘর। যদি অন্তত নতুন করে ঘর তৈরি করা যায়, তাহলে জীবনের শেষ সময়টা শান্তিতে কাটাতে পারবেন।’ 

এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মন্ডল জানান, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা জেনেছি, মেগলী খাতুন সত্যিই মানবেতর জীবনযাপন করছেন। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা পাচ্ছেন। চাইলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থাও করা যেতে পারে, যদি তিনি রাজি থাকেন। পাশাপাশি, তার প্রয়োজন অনুযায়ী একক ঘর কিংবা নগদ সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। উপজেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

এলাকাবাসীর দাবি, অবিলম্বে মেগলী খাতুনের জরাজীর্ণ ঘরটি মেরামত কিংবা নতুন একটি ঘর নির্মাণের ব্যবস্থা করা হোক। মানবিক কারণে হলেও যেন জীবনের শেষ সময়টা কিছুটা শান্তি, স্বস্তি ও মর্যাদার সঙ্গে কাটাতে পারেন এই নিঃসঙ্গ বৃদ্ধা।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)