ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ পলিয়ানপুর বিওপি কমান্ডার ও ভারতের ১৯৪ বিএসএফ এর জোড়পাড়া ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গত সোমবার বিএসএফ এর হাতে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী নাগরিক রুপচান খানকে (২৫) বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার বেলা দেড়টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন এর অধীনস্থ জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি’র পলিয়ানপুর বিওপি কমান্ডারকে অবগত করেন যে, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে রুপচান খান (২৫) নামের এক বাংলাদেশী নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে। আটক রুপচান মাদারীপুর সদর উপজেলার বড়বাড্ডা গ্রামের মতলেব আলীর ছেলে। বিএসএফ এই বাংলাদেশী নাগরিককে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে এবং তার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত তথ্য পাঠায়। পরে বিজিবি আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করে।
একইদিন বিকেলে (বিএসটি) সীমান্ত পিলার ৬০/৩১-আর নিকটে শূন্য লাইন বরাবর দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করে বিএসএফ। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
