চুয়াডাঙ্গায় আবারও ৩৬ ডিগ্রির উপরে তাপমাত্রা, বেড়েছে ভ্যাপসা গরম

বৃষ্টির পর হঠাৎ মৃদু তাপপ্রবাহ, কষ্টে শ্রমজীবী মানুষ

আপলোড তারিখঃ 2025-09-02 ইং
চুয়াডাঙ্গায় আবারও ৩৬ ডিগ্রির উপরে তাপমাত্রা, বেড়েছে ভ্যাপসা গরম ছবির ক্যাপশন:

বেশ কিছুদিনের লাগাতার বৃষ্টি, জলাবদ্ধতার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হঠাৎ করেই মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। রোদের তীব্রতা ও ভ্যাপসা গরমে শহরের রাস্তাঘাট, বাজার ও কর্মস্থলগুলোতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, গত ২৩ জুলাই জেলায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর থেকে বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে জেলায় তাপমাত্রা উঠানামা করলেও ৩৬ ডিগ্রির উপরে আর ওঠেনি। তবে প্রায় ৪০ দিন পর গতকাল আবারও তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা মৃদু তাপপ্রবাহের মধ্যে পড়ে।


এদিকে, মৃদু তাপপ্রবাহের ফলে সব থেকে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমিকরা। রোদের তীব্রতা ও ভ্যাপসা গরমে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন তারা। চুয়াডাঙ্গা রেলবাজার এলাকার নির্মাণ শ্রমিক মণ্টু হোসেন বলেন, ‘রোদ তুলনামূলকভাবে অনেক তীব্র। ভ্যাপসা গরমে কাজ করা কঠিন হয়ে গেছে। রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না। কোথাও যেন শন্তি নেই।’


পৌর শহরের বাসিন্দা সালাউদ্দীন বলেন, ‘বিগত কিছুদিন ধরে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল। সে কারণে আমরা গরম ভুলে গিয়েছিলাম। আজ হঠাৎ রোদের তাপ অনুভূতিতে বেড়ে গেছে, যা বেশ অস্বস্তিকর। যদি তাপমাত্রা এমনই থাকে বা আরও বাড়ে তাহলে বাইরে চলাচল করা কঠিন হবে।’


চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘গত ২৩ জুলাই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর আজ (গতকাল সোমবার) ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলো। এটি স্বাভাবিকভাবে সাময়িক বৃদ্ধি।’


তিনি বলেন, ‘বর্তমানে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপের আগে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা বেড়ে যায়। তবে এটি দীর্ঘস্থায়ী হয় না। আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।’ তিনি আরও বলেন, ‘ভ্যাপসা গরমের কারণে বাইরে দীর্ঘ সময় থাকা ও শারীরিক পরিশ্রম স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হতে পারে। তাই প্রয়োজনীয় সতর্কতা ও পানি গ্রহণে গুরুত্ব দিতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)