ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা/হিজলগাড়ী:
দামুড়হুদায় ইজিবাইক ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী বরকত উল্লাহ নামের একজন নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোক্তারপুর প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বরকতউল্লাহ (৬৫) হাতিভাঙ্গা গ্রামের মৃত বদরুল্লাহ মোল্লার ছেলে।
জানা যায়, মসজিদের মোয়াজ্জিন বরকতউল্লাহ ইজিবাইকে করে দামুড়হুদায় যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই আলমসাধু এসে ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী বরকতউল্লাহ রাস্তার ওপরে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই জামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সুহরতহাল রিপোর্ট তৈরি করেন।
গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। এদিকে, আলমসাধু চালক আহত অবস্থায় আলমসাধু রেখেই পালিয়ে গেছেন। গাড়িটি দামুড়হুদা মডেল থানা-পুলিশ হেফাজতে নিয়েছে। নিহত ব্যক্তির ছেলেরা বলেন, ‘আমার বাবার যে কদিন হায়াত ছিল, সে ক’দিনই বাঁচবে। হয়ত শেষ হলে যেকোনোভাবে তার মৃত্যু হবে। আমার বাবার কপালে লেখা ছিল সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হবে। তাই কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নাই।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, আলমসাধু ও ইজিবাইক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মডেল একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
অপর দিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খেজুরতলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কায় আকিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে গড়াইটুপির তেঘরী থেকে সরোজগঞ্জ যাওয়ার সময় খেজুরতলা গ্রামের এ ঘটনা ঘটে। আহত আকিবুর রহমান তেঘরী গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
খোঁজ নিয়ে জানা যায়, আকিবুর গতকাল সকাল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। গড়াইটুপি-সরোজগঞ্জ আঞ্চলিক সড়কের খেজুরতলা গ্রামে পেঁৗঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ট্রাক্টরটি সঠিকভাবে রাস্তার পাশে না রেখে অযথা দাঁড় করানো হয়েছিল। এর কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। সচেতন মহল মনে করছে, সড়কে ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে দাঁড়িয়ে থাকার কারণে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
