বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন

চুয়াডাঙ্গায় ব্যানার-ফেস্টুনে উৎসবের আমেজ, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে প্রস্তুত বিএনপি

আপলোড তারিখঃ 2025-09-01 ইং
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।’ তিনি বলেন, ‘আমি বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’


তারেক রহমান বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি বাংলাদেশি মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি বাংলাদেশি ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ।’


বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে ৭ দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। আজ ১লা সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতা-কর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এই উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে। সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপির উদ্যোগে গোলটেবিল বৈঠক হবে। সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষ রোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও  ক্রীড়ানুষ্ঠান হবে।


এদিকে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চুয়াডাঙ্গায়। দিবসটি উদ্যাপনে জেলা বিএনপির পক্ষ থেকে নেয়া হয়েছে নানা বর্ণাঢ্য কর্মসূচি। এরই অংশ হিসেবে আজ সোমবার (১ সেপ্টেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে বিশাল শোভাযাত্রা বের করা হবে। আর বেলা ১১টায় সাহিত্য পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। কর্মসূচির সার্বিক দায়িত্বে থাকবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


ইতোমধ্যেই চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডের সাহিত্য পরিষদ চত্বরে প্রস্তুত করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ ও প্যান্ডেল। রঙিন ব্যানার-ফেস্টুন ও পোস্টারে সেজেছে চারপাশ। নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।


প্রস্তুতি সম্পর্কে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘গত বছর জাকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি থাকলেও ভয়াবহ বন্যার কারণে তা স্থগিত হয়েছিল। এক বছর পর আবারও প্রতিষ্ঠাবার্ষিকী এসেছে। এবার আমরা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি স্মরণীয় করে তুলতে চাই।’ তিনি আরও জানান, আজকের শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি আগামী ৩ সেপ্টেম্বর জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায়ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালিত হবে। আজকের কর্মসূচিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে হাজারো নেতা-কর্মীর সমাবেশ ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)