ছবির ক্যাপশন:
ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় আলমডাঙ্গার লায়লা কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমীন সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত এমপি পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী। তিনি বলেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়ন করে এদেশে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। এর আগে কোনোভাবেই যেনতেন নির্বাচন দিলে জনগণ মেনে নেবে না। কারণ প্রচলিত ধারায় নির্বাচন হলে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না।
উপস্থিত নেতৃবৃন্দকে তিনি আহ্বান জানিয়ে বলেন, হাতপাখা প্রতীকের দাওয়াত নিয়ে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। জনগণকে ইসলামি আদর্শে উজ্জীবিত করতে হবে। ভোটারদেরকে বোঝাতে হবে-ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দেশের সার্বিক মুক্তি, দুর্নীতিমুক্ত উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক ইসলামি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। সকলের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।
সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি তুষার ইমরান সরকার, জয়েন্ট সেক্রেটারি মো. আলিমুজ্জামান, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মুফতি সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন সাইরাফী প্রমুখ।
