ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামির আমির অ্যাড. রুহুল আমিন। গতকাল শুক্রবার বিকেলে বেগমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন তিনি।
গণসংযোগকালে তিনি বলেন, ‘আমরা মানুষের কাছে স্পষ্ট করে বলতে চাই- উন্নতি আর দুর্নীতি কখনো একসাথে হতে পারে না। বিগত সময়ে উন্নতিও হয়েছে সেই সাথে দুর্নীতিও হয়েছে। ফলে আমাদের রাস্তা-ঘাট টেকসই হয়নি, স্কুল-কলেজগুলো টেকসই হয়নি, শিক্ষার মান বৃদ্ধি পায়নি। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে নদীনালা, খালবিল এবং গাছপালা আছে, বিগত সময়ে সেগুলো তছরুপ করা হয়েছে। আমরা এগুলোর অবসান ঘটিয়ে আমরা টেকসই উন্নতি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামায়েতে ইসলামী এটা করতে সক্ষম হবে। আমরা বাংলাদেশ ইনসাফ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে সরকারি বরাদ্দ যা আসে, তা জনগণ পর্যন্ত পৌঁছানোর আগেই শেষ হয়ে যায়। আমরা এটার অবসান চাই। আমরা জনগণের সম্পদ ইনসাফের ভিত্তিতে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। আমরা প্রতিটি জায়গা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চাই। জনগণ এবার পরিবর্তন চায়, জনগণ এবার নতুন কিছু দেখতে চায়। জনগণের সে আশা-আকাক্সক্ষার প্রতিফলন চুয়াডাঙ্গা-২ আসনে ঘটবে। জনগণ ব্যাপকভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবে ইনশাআল্লাহ।’
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষিজীবৗ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখার আমির রেজাউল ইসলাম, বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশাররফ হোসেন, সেক্রেটারি শাহিনুল ইসলাম, জামায়াত নেতা আমিনুল ইসলাম মাস্টার, আবু বাক্কা জোয়ার্দার প্রমুখ।
