ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জামিরুল ইসলাম তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তিনি প্রধান নির্বাচন কমিশনার মো. সিরাজুল ইসলামের কাছে লিখিত আবেদন জমা দেন। জামিরুল ইসলাম বলেন, তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ কারণেই নির্বাচনে অংশগ্রহণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে প্রেসক্লাব সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এর পেছনে আরেকটি কারণ কাজ করেছে।
জানা যায়, অপর সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান রুনু খন্দকার উপজেলা শিক্ষা অফিসারের নিকট একটি অভিযোগ জমা দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার জামিরুল ইসলামকে ‘শোকজ’ নোটিশ দেন এবং তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি শিক্ষা অফিসারের কাছে জবাব দাখিল করেন। পরে বিকেলে নির্বাচন কমিশনারের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।
আবেদনে জামিরুল ইসলাম উল্লেখ করেন- ‘আমি আলমডাঙ্গা প্রেসক্লাব নির্বাচন ২০২৫-এ সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। তবে পারিবারিক ও অন্যান্য কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমাকে উক্ত নির্বাচন থেকে অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ করছি।’ তিনি সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
