চুয়াডাঙ্গায় দুই যুবককে কুপিয়ে জখম, ঢাকায় রেফার্ড

আপলোড তারিখঃ 2025-08-26 ইং
চুয়াডাঙ্গায় দুই যুবককে কুপিয়ে জখম, ঢাকায় রেফার্ড ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরে রাজু আহমেদ (৩৫) ও শুভল সরকার (২৫) নামে দুই যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখম অবস্থায় থাকা শুভল সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে পৌর এলাকার শেখপাড়ায় এ ঘটনা ঘটে। জখম রাজু আহমেদ বড় বাজারপাড়ার বদিউর রহমানের ছেলে, আর শুভল সরকার দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার জয় সরকারের ছেলে।


শুভল সরকার জানান, রাজু একটি ব্যবহৃত মোবাইল ফোন কিস্তিতে কিনেছিল। কিস্তি পরিশোধ না করার কারণে ফোনটি লক হয়ে গেলে সজিবের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে রাতের বেলা তারা সজিবের বাড়ির কাছে যান। এসময় সজিব ও একই এলাকার রুবেল ও রবিন চাপাতি, চাইনিজ কুড়াল ও শাবল দিয়ে তাদের ওপর হামলা চালায়।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাজু সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন। আর শুভল সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে টহল টিম ঘটনাস্থলে গেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)