ছবির ক্যাপশন:
শেষ হলো চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতি নির্বাচনী প্রচার প্রচারণা
নিজস্ব প্রতিবেদক: নানা উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচনের প্রচার অভিযান। গতকাল বুধবার রাত ৮টায় প্রচার প্রচারণা বন্ধের নির্দেশ থাকায় তার আগপর্যন্ত কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে নিজেদের পোক্ত পরিষদ যাহির করে দু’টি প্রতিদ্বন্দ্বী প্যানেল। তা ছাড়া একমাত্র নির্বাচনী কেন্দ্র জেলা আইনজীবী পরিষদ মিলনায়তন ও তার আশপাশে নির্দিষ্ট সীমারেখা বাকী রেখে পোস্টার ব্যানারে ঢেকে ফেলা হয়েছে পুরো কোর্ট মোড় এলাকা। এ ছাড়া নিজ নিজ প্রতীক ও পরিষদের প্যানেল পরিচিতি সম্বলিত প্যানা সাইনবোর্ডের সমারহ দেখা গেছে সর্বত্র। এদিকে আজ বৃহস্পতিবার রাত পোহালেই শুরু হবে ভোট গ্রহণ। এ নিয়ে বেশ খোশ মেজাজে সাধারণ ব্যবসায়ীরা। আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দেবেন ৯৮০জন ভোটার। ইতিমধ্যে নির্বাচন কমিশনেরও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের জন্য দু’টি পৃথক ব্যালট ছাপা হয়ে গেছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ভোট কেন্দ্রে যে কোন বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করার ঘোষণা দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। এবার নবীণ ও প্রবীন সদস্যদের সমন্বয়ে ৫৩ সদস্য বিশিষ্ট লেমন-জগলু-ইবু পরিষদ ও চান্নু-বাবু-মাসুদ পরিষদ নামে দু’টি পূর্ণাঙ্গ প্যানেল আত্মপ্রকাশ করেছে।
এদিকে জেলা দোকান মালিক সমিতি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে একের পর এক প্রচার প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে পদপ্রার্থীদের। শহরে মোটরসাইকেল নিয়ে কোন প্রকার শোডাউন বা নির্বাচনী প্রচারণা করার ব্যপারে নির্বাচন কমিশনের নিশেধাজ্ঞা থাকলেও দু’টি পরিষদের প্রার্থীদের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে কয়েক’শ মোটরসাইকেলযোগে শোডাউনসহ প্রচার প্রচারণা করতে দেখা গেছে। এছাড়াও দেয়ালে পোস্টার লাগানোর বিধান উপেক্ষা করেও বেশ কিছু প্রার্থী তাদের নিজ নিজ পোস্টার লাগিয়েছেন।
এদিকে চান্নু-বাবু-মাসুদ পরিষদের কার্যকরী সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম ঝন্টু তার প্রতীক ‘জগ’ ও নিজ ছবি সম্বলিত জগ ভোটারদের মধ্যে বিতরণ করেছেন বলে অভিযোগ করেছেন লেমন-জগলু-ইবু পরিষদের সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী আবদুল কাদের জগলু। তিনি এক লিখিত বিজ্ঞপ্তিতে ওই প্রার্থীর প্রচার প্রচারণায় ব্যপক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
