ঝিনাইদহে হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ, আতঙ্কে ব্যবহারকারীরা

আপলোড তারিখঃ 2025-08-22 ইং
ঝিনাইদহে হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ, আতঙ্কে ব্যবহারকারীরা ছবির ক্যাপশন:

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টার্গেট করে নতুন ফাঁদ পেতেছে এক প্রতারকচক্র। নিজেদের ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তারা ভয়ংকর কৌশলে আতঙ্ক সৃষ্টি করছে। প্রতারকরা বলছে, ‘আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে একটি গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপ থেকে আইজিপি ও ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গালিগালাজ করা হচ্ছে। যদি আপনি না জেনে থাকেন তবে আমরা আপনার হোয়াটসঅ্যাপ সেটআপ করে দিচ্ছি।’-এমন ভীতিকর বার্তা দিয়েই প্রতারণার জাল বিস্তার করা হচ্ছে।


গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের ফোনে ০১৩৪৩-৮৫৪৪৪৬ নাম্বার থেকে পুলিশ হেডকোয়ার্টারের কথিত কর্মকর্তা ‘সোহায়েল’ পরিচয়ে কল আসে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার সেলকে অবহিত করেন। সাইবার সেলের এক কর্মকর্তা জানান, এটি একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। তাদের অবস্থান রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। ঝিনাইদহসহ সারা দেশে এরা একই কৌশলে প্রতারণা চালাচ্ছে। অনেকের কাছ থেকে তারা টাকা হাতিয়ে নিয়েছে।


জানা গেছে, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ এবং শহরের এক কাপড় ব্যবসায়ীর কাছ থেকেও এই চক্র ভয় দেখিয়ে মোবাইল এক্সেস নিয়েছে। কেউ কেউ অর্থও দিয়েছেন। এতে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠছে। তাদের হাত থেকে বাঁচতে হলে সচেতনতা বাড়ানো ছাড়া বিকল্প নেই। তিনি জানান, প্রতারকচক্রকে ধরতে জেলা পুলিশ ও সাইবার সেল নিয়মিত অভিযান চালাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)