ছবির ক্যাপশন:
জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে নির্মিত দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ভাস্কর্যের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়লসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধন ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘জীবননগরের এই স্থানটি ব্যস্ততম চার রাস্তার মোড়। যানবাহন চলাচল সহজ করার জন্য এখানে একটি স্থাপনা প্রয়োজন ছিল। স্থানীয়দের দাবি অনুযায়ী ইসলামিক ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, যা শহরের সৌন্দর্য্য বাড়ানোর পাশাপাশি দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করবে। এ জন্য জীবননগর পৌর প্রশাসককে ধন্যবাদ জানাই।’ এসময় ট্রাফিক পুলিশ নিয়োগের দাবির বিষয়ে জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হবে এবং প্রয়োজন মনে করলে এখানে ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে আগে একটি বাঘের ভাস্কর্য স্থাপন ছিল। তবে কয়েক বছর আগে একটি ট্রাকের ধাক্কায় সেটি ভেঙে যায়। এরপর থেকে স্থানীয়রা নতুন করে বাঘের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির প্রেক্ষিতেই ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেয় পৌরসভা। গত ৫ আগস্টের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তৎকালীন পৌর প্রশাসক মো. আল-আমীন এ উদ্যোগকে এগিয়ে নেন। পরবর্তীতে দায়িত্ব গ্রহণের পর পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা নির্মাণকাজ তত্ত্বাবধান করেন। জীবননগর পৌরসভার অর্থায়নে নির্মিত এ ইসলামিক ভাস্কর্যে ব্যয় হয়েছে ৮ লাখ ৩০ হাজার ৭৫৮ টাকা।
