ছবির ক্যাপশন:
‘এক দফা এক দাবি’ স্লোগানে চুয়াডাঙ্গায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ হাসান চত্বর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি শেষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জেলা প্রশাসকের কাছেএকটি স্মারকলিপি জমা দেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষকরা ‘এন্ট্রি নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান’ বাস্তবায়নের জোর দাবি জানান।
‘সরকারি মাধ্যমিক এন্ট্রি পদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও সিনিয়র শিক্ষক মো. মহসীন আলী, সহকারী শিক্ষক মো. সাজিদ রহমান, মো. আব্দুল জব্বার, এ কে এম নাজমুল হাসান, মাহমুদ মিলু, মামুনুর রশিদ, সাব্বির রহমান, ওসমান গনি, শামিম হোসেন, রাজু আহম্মেদ, মো. সাজন আলী, জেসমিন আক্তার, জুলিয়াস নাজনীন ও মাহবুবা ফেরদৌস। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক এ কে এম নাজমুল হাসান।
