ছবির ক্যাপশন:
১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাংনী উপজেলার চিৎলা পাটবীজ খামার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার দুপুরে চিতলা খামারের বাংলাদেশ (বিএডিসি) যুগ্ম পরিচালক (পাটবীজ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রমিকরা বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়মিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিল করতে হবে এবং ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭’ অনুযায়ী বিএডিসিসহ সব কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিতকরণ করতে হবে। পাশাপাশি ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান তারা।
বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিৎলা পাটবীজ খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার। এসময় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপদেষ্টা আখতারুজ্জামান লিটিল, শফিউর রহমান টমা, গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, সংগঠনের যুগ্ম সম্পাদক মহিউদ্দিনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ ও শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
