ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ভুয়া কাগজপত্রে কীটনাশক উৎপাদন ও বিক্রির অভিযোগে পিসিআই এগ্রি কেয়ার প্রতিষ্ঠানের কারখানাসহ গোডাউন সিলগালা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর নেতৃত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত মালিক অজয় কুমার বিশ্বাস। তিনি আলমডাঙ্গা শহরের মাদ্রাসাপাড়ার নিমাই চন্দ্র বিশ্বাসের ছেলে।
আলমডাঙ্গা নওদাবন্ডবিল গ্রামের পিসিআই এগ্রো কেয়ারে কারখানায় অভিযানে রুটপ্লাস, পিসিআই চমক, পিসিআই রুট, মনিমুক্তা জিংক, মনিমুক্তা সলুবোর, জিংক-৩, বোরন সলুবোরসহ বিপুল পরিমাণ কীটনাশক, খালি বোতল, খালি প্যাকেট ও কীটনাশক তৈরির সরঞ্জামসহ কারখানা সিলগালা করে দেন। অন্য একটি গোডাউন থেকে কয়েকশ বস্তা জিপসাম ও চুন আটক করে মালিকের জিম্মায় দেওয়া হয়।
এর আগেও গত ১৪ আগস্ট উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ অভিযানে নিয়ম বহির্ভূতভাবে কীটনাশক বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
তখনই মালিককে বৈধ কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হলেও, তিনি তা দেখাতে ব্যর্থ হন। গতকাল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমানের নেতৃত্বে আবারও অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটির কারখানাসহ তিনটি গুদাম সিলগালা করা হয়। প্রশাসন জানিয়েছে, আগামী চার মাসের মধ্যে বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারলে প্রতিষ্ঠান পুনরায় খোলার সুযোগ পাবে। অন্যথায় নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
