ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার পৃথকভাবে এ তিন জেলায় র্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা:
‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্যাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর দিবসটির আয়োজন করে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটির উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মাছ চাষিদের সবসময় সুযোগ-সুবিধা দিতে হবে। দেশের মাছের যে ঘাটতি রয়েছে, তা পূরণের জন্য সরকার কাজ করছে। মাছ চাষিদের সাথে নিয়ে সরকার মাছের ঘাটতি পূরণ করবে। সে জন্য সরকার মাছ উৎপাদনে পর্যাপ্ত প্রণোদনা দিচ্ছে। নিরাপদভাবে যদি মাছ চাষ করা যায়, তাহলে সাধারণ ভোক্তারা গুণগত সম্পন্ন মাছ খেতে পারবে। মাছ চাষে যেন কীটনাশক ব্যবহার না করা হয়, সে ব্যাপারে কৃষকদের সজাগ দৃষ্টি থাকবে। মাছের খাবারের বিষয়ে গবেষণা প্রয়োজন। প্রতিনিয়ত মাছ চাষিদের সচেতন করতে হবে। মাছ উৎপাদনে কৃষকদের কাজ করতে হবে। এ ব্যাপারে সরকার পাশে আছে। প্রকৃতির ওপর অবিচার করা যাবে না। কৃষি জমিতে পুকুর করা যাবে না। সবজির চাষের পাশাপাশি মাছ চাষে চুয়াডাঙ্গা জেলার সুনাম ছড়াতে হবে। মাছ চাষে পুকুর খননে প্রকৃতির ওপর প্রভাব ফেলা যাবে না। তাই মাছ চাষে সবার আগ্রহী গড়ে তুলতে হবে। সেই সঙ্গে মাছ উৎপাদনে কৃষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। চুয়াডাঙ্গা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক দীপক কুমার সাহা, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, মৎস্য চাষিদের মধ্যে বক্তব্য দেন ফাহিম মুনতাসির ও মহাম্মদ আলী। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ক্বারি কবীর আহম্মেদ ও গীতাপাঠ করেন সুনিল মল্লিক। আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা জেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় জেলার ৪ জন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। শেষে জেলা পুলিশ পার্ক সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সড়ক র্যালি, পোনা অবমুক্ত, আলোচনা সভা ও মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৩ জন মৎস্য চাষিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। দামুড়হুদা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহালদারের সভাপতিত্বে র্যালি, পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।
দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজন এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্যসচিব আমিরুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ঈদ্রীস আলী, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী আব্দুর রশিদ।
জীবননগর:
জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। এবারের প্রতিপাদ্য- ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।’ উদ্বোধনী অনুষ্ঠানের পর র্যালি, আলোচনা সভা ও মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখ জানান, জীবননগরে বর্তমানে ৯৮৬ জন নিবন্ধিত মৎস্যচাষি রয়েছেন। এখানে মারুফদহ বাওড়কে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে মাছের আড়ত ও বাজার রয়েছে, যেখানে স্থানীয় চাষিদের উৎপাদিত মাছ সরবরাহ করা হয়। তিনি আরও বলেন, মৎস্যচাষিদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
মেহেরপুর:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি পাবলিক লাইব্রেরি মোড় থেকে শুরু হয়ে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারী, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলামসহ মৎস্যজীবী আব্দুল মাজেদ, আসেদ আলী প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে সদর উপজেলা মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি বলেন, বাংলায় একটা প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি সেই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে মৎস্য উৎপাদন বৃদ্ধি মাছের খাদ্য মৎস্য ফিড বাজারজাত নিশ্চিত করতে হবে, উন্নত প্রজাতির মাছের চারা বৃদ্ধি করতে হবে।
গাংনী:
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আজফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোত্তালিব আলী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম, মৎস্য চাষি আব্দুর রাজ্জাক ও আব্দুল জব্বার।
ঝিনাইদহ:
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। গতকাল সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ারসহ অন্যান্যরা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, অভয়াশ্রম গড়ে তুললে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীববৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার। তাই সকলকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে জেলার ৪ জন শ্রেষ্ঠ মৎস্য চাষি ও খামারিকে সম্মাননা প্রদান করা হয়।
