ছবির ক্যাপশন:
জাসাসের সাবেক নেতা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান বলেছেন, ‘আমি মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠেই থাকব- সকলের সহযোগিতা চাই।’ গতকাল রোববার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর বাজারে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিকেলে গণসংযোগ শেষে মনির খান নিজ কার্যালয়ের সামনে এক মতবিনিময় সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. মুসা মণ্ডল। সভায় বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্যে মনির খান বলেন, সম্প্রতি লন্ডন সফরের সময় তিনি দুটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। সফর শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, স্থানীয় বিভিন্ন সমস্যা ও দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, ‘তারেক রহমান আমাকে এলাকার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঝিনাইদহ-৩ আসন ঐতিহ্যগতভাবেই বিএনপির। এ আসন পুনরুদ্ধারে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।’
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। আগামী দিনের একমাত্র পথ হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।’ সভায় অন্যান্য বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় স্থানীয় নেতা-কর্মীরা মনির খানের নেতৃত্বে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
