ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরের লোহাপট্টিতে দিনের আলোয় চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পুরাতন গলিতে ব্যবসায়ী সোলেমান হোসেনের ভাংড়ির দোকানের সামনে রাখা দুটি বড় লোহার স্যাফ্ট নিয়ে পালিয়ে যায় চোরচক্র। এর আনুমানিক মূল্য প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকা। ঘটনার পুরো দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে দেখা যায়, দুইজন চোর একটি আলমসাধু নিয়ে আসে এবং দ্রুত স্যাফ্ট দুটি গাড়িতে তুলে নিয়ে পূজাতলার দিকে চলে যায়। চুরির ধরণ দেখে মনে হচ্ছে, এটি পূর্ব পরিকল্পিত ছিল।
এ ঘটনায় নৈশপ্রহরী আলার সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে। গত শুক্রবার বিকেলের ফুটেজে দেখা গেছে, তিনি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির সাথে কথা বলছেন এবং সোলেমান হোসেনের দোকানের দিকে ইশারা করছেন। সাধারণত বিকেলে তাকে এলাকায় দেখা না গেলেও ওইদিন তার উপস্থিতি স্থানীয়দের সন্দেহে ফেলেছে।
চুরির কাজে ব্যবহৃত আলমসাধুর চালক রাকিবুল (দৌলতদিয়াড় কোরিয়া পাড়া) পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ভাড়া চুক্তির ভিত্তিতে ওই দুইজনকে জয়রামপুর পর্যন্ত নিয়ে যান। পথে তারা স্যাফ্ট দুটি অন্য ভ্যানে তুলে দর্শনার দিকে নিয়ে যায়। ব্যবসায়ী সোলেমান হোসেন জানান, দুপুরে এক ক্রেতার কাছে স্যাফ্ট বিক্রি করতে গিয়ে তিনি সংখ্যা কম পান। পরে সিসি ক্যামেরা চেক করে চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, আলমসাধুর চালককে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
