ছবির ক্যাপশন:
দর্শনা আন্তর্জাতিক জয়নগর সীমান্ত দিয়ে ভারতে আটক ২২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে আটক এই ২২ বাংলাদেশি নাগরিককে ভারতের গেদে ৩২ বিএসএফ দীর্ঘ প্রক্রিয়া শেষে ফেরত দেয়। পতাকা বৈঠক শেষে ভারতের হেফাজত থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক নাজমুল হাসান জানান, ফেরতপ্রাপ্তরা ভারতের হায়দ্রাবাদ জেলখানায় বন্দি ছিলেন। ফেরতকৃতদের মধ্যে ১২ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছে। আটককৃত হলেন- নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানার চানগাজি গ্রামের বেলাল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৯),বরিশাল জেলার কাজিরহাট থানার সন্ধ্যার মানিক গ্রামের আব্দুর রহমান সরদারের মেয়ে মীম (১৫), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সিকারপুর গ্রামের আয়রিন আক্তার (১৭), নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার লোকমান খন্দকার গ্রামের সাইফুল ইসলামের মেয়ে উম্মে হানি সানু (১৮), গাজীপুর জেলার রেউলা বাড়ি গ্রামের আলী মোল্লার মেয়ে মিম (২০), খুলনা জেলার খুলনা সদর থানার হাজী বাড়ি গ্রামের বাবু মিয়ার মেয়ে চাহিদা আক্তার মিম (২৪), খুলনা জেলার দিগুলিয়া থানার ধরিমহিস দিয়া গ্রামের মৃত নৃরুল ইসলামের মেয়ে আফরিন খানুন (২৭), রাজবাড়ী জেলার বলিয়াকান্দি থানার রাজবাড়ি গ্রামের আব্দুল ফকিরের মেয়ে আবেদা আক্তার (২০), নরসিংদী জেলার শিবপুর থানার গাজুটিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শিউলি বেগম (৩২),
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার চন্দ্রবাস গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে রওশন আরা খাতুন (২৩), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার নবীনগর গ্রামের কালো চকিদারের মেয়ে আক্তার (২৬), চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার দক্ষিণ সাইদবাড়ি গ্রামের মোস্তাদিরের মেয়ে রোমান (৪২), শরীয়তপুর জেলার বদরগঞ্জ থানার মল্লিক কান্দি গ্রামের মানিক মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২১), বাগেরহাট জেলার সরনখোলা থানার উত্তর আমড়াগাছিয়া গ্রামের সবুর খানের ছেলে আলাউদ্দিন আপন (২২), খুলনা জেলার দিগুলিয়া থানার মহেশদিয়া গ্রামের মৃত নূর শেখের ছেলে আরিফ (৩১), নড়াইল জেলার কালিয়া থানার ইসলামপুর গ্রামের গোলাম মোল্লার ছেলে হাবিব মোল্লা (৩৪), খুলনা জেলার দিগুলিয়া থানার মহিস দিয়া গ্রামের মুনসুর মোল্লার ছেলে তারেক মোল্লা (৩০), নড়াইল জেলার কালিয়া থানার বিন্দারচর গ্রামের মীর মোহাম্মদ আলীর ছেলে রোশান আরিজ (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার উত্তর পাইকপাড়া গ্রামের যোগেশর দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৩), ঢাকা জেলার দোহার থানার কাঠালিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে সালাউদ্দিন (৫১), নওগাঁ জেলার পরশা থানার দরিয়া গ্রামের সিদ্দিকুল ইসলামের মেয়ে মোসাম্মৎ সাথী পারভিন (৩০) ও ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার যামুন গ্রামের ফজলুর রহমানের ছেলে আরমান আলি (২৩)। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চারজন বাংলাদেশিকে পুশইন করেছে বলে জানা গেছে। গতকাল বুধবার দুপুরে তারা কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের তাহাজ্জেল হোসেন (৩৫), মাদারিপুরের রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামের তৃপ্তি বারুরী (৩৫), সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের সুলতা সরকার (৪২) এবং শ্যামনগর উপজেলার কেতলা গ্রামের মনোয়ারা (৩৫)।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত তিন নারীসহ চারজন বিএসএফের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন। তারা দারিয়াপুর গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন এবং নাম-ঠিকানাও প্রদান করেছেন। যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে আইনানুগ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মিজানুর রহমান।
