ছবির ক্যাপশন:
রাস্তার ইট তুলে বাঁশের বেড়া দিলেন
দর্শনা অফিস: দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাংবাদিক শরীফের বিরুদ্ধে রাস্তার ইট তুলে বাশের বেড়া দেয়ার অভিযোগ উঠেছে। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিতিমত পৌর আইন লংঘন করায় এলাকাবাসী সাংবাদিক শরিফের উপর ক্ষেপে উঠেছে। জানাগেছে, গত ৬মাস আগে শ্যামপুর গ্রামের মল্লিক পাড়ার বরকত মল্লিকের বাড়ির পাশ দিয়ে সকলের সম্মতিতে দর্শনা পৌরসভা একটি সাড়ে ৫ফুট ইটের রাস্তা তৈরি করে দেয় ঐ এলাকার মানুষের চলাচলের সুবিধার জন্য। ঐ রাস্তার পাশেই শ্যামপুর গ্রামের মৃত শওকত মোল্লার ছেলে দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাংবাদিক শরীফ উদ্দীনের জমি। তিনি হটাৎ করেই গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজের জমি ঘিরে রাখার জন্য পৌর আইন লংঘন করে ইটের রাস্তার অর্ধেক ইট তুলে ফেলে জোরপূর্বক বাশের বেড়া দেন। এতে রাস্তা সংলগ্ন পরিবার গুলো পড়েছে বিপদে। পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরবর্তিতে গতকালই দর্শনা পৌরসভায় লিখিত অভিযোগ জানায় এলাকাবাসী। ওই দিনেই পৌরসভার পক্ষ থেকে ঘটনাস্থল তদন্তে আসেন ভারপ্রাপ্ত কার্য্যসহকারী তছের আলি। তিনি জানান, আমি তদন্ত করে দেখে গেলাম। কাল সকালে পৌরসভার কর্তৃপক্ষ ঘটনাস্থলে যেয়ে সঠিক বিচার বিশ্লেষণ করবেন। তবে এ বিষয়ে এলাকার বেশ কয়েকজন বলেন, গত পৌর নির্বাচনে তাকে ভোট না দেয়ায় তিনি এ ধরনের ন্যাক্কারজনক কাজটি করেছেন।
