ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ। সভায় সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে অপমৃত্যু, বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, প্রধান সড়কে গরু ও কুকুরের উৎপাত, সার সরবরাহ ব্যবস্থাপনা, যানজট বেড়ে যাওয়ার বিষয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিস মোমতাজ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। এছাড়াও সভায় চুয়াডাঙ্গা শহরে মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, শহরে মাদক কেনাবেচা ব্যাপকভাবে বেড়ে গেছে। যেসব মাদক স্পটগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। এসব মাদক ব্যবসায়ীদের উৎখাত করতে যার যার অবস্থান থেকে সচেতনতা তৈরি করে সকলে মিলে তা রোধ করতে হবে। প্রয়োজনে সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য একসাথে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা এসব মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দিচ্ছে, তাদের মুখোশ উন্মোচনের দাবি জানানো হয়।
এছাড়া চুয়াডাঙ্গায় অপমৃত্যুর হার বেড়েছে। অপমৃত্যু রোধে বিভিন্ন স্থানে সভা-সেমিনার করে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। চুরি, ছিনতাই রোধে পুলিশকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার আওতাধীন যেসকল বালিকা বিদ্যালয় আছে, সেগুলোর সামনে বখাটেদের আনাগোনা যাতে না বাড়তে পারে, সে ব্যাপারে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানানো হয়।
