ছবির ক্যাপশন:
দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চুয়াডাঙ্গা ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা মতলুবা খাতুন (৮৭)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার দুই ছেলে হলেন- চুয়াডাঙ্গার বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ কামরুজ্জামান আজাদ ও জামান গ্রুপের চেয়ারম্যান সৈয়দ আসাদুজ্জামান।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন মতলুবা খাতুন। নিয়মিত চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবশেষে জীবনের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তার লাশ চুয়াডাঙ্গা শহরের ইমার্জেন্সি রোডের বাড়িতে আনা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে তার প্রয়াত স্বামী সৈয়দ নুরুজ্জামানের পাশে দাফন সম্পন্ন হয়।
মরহুমার জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা বিএনপি নেতা অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মণিসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বেঁচে থাকতে তিনি দানশীল ও মানবিক স্বভাবের অধিকারী ছিলেন বলে স্থানীয়রা জানান। তার মৃত্যুতে পরিবার, শুভানুধ্যায়ী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। পরিবারের সদস্যরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে চুয়াডাঙ্গাবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ কামরুজ্জামানের মা সাবেক সহকারী শিক্ষিকা মতলুবা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
