ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত শনি ও গতকাল রোববার মহেশপুর ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত-৭১/এমপি হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি মাল্টা বাগানে নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কালা গ্রামের একটি মেহগনি বাগানে হাবিলদার মো. আজিজুল হকের নেতৃত্বে আরও ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার হয়।
এছাড়া গতকাল রোববার ভোর ৫টা ১০ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুদ্দুস পার্ক নামক স্থানে নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে ৩৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিনে বেলা ১১টা ২৫ মিনিটে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত অতিক্রমের সময় ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা হলেন, বাগেরহাট জেলার রিপন কাজী (৩৬), সাতক্ষীরা জেলার ইছানুর রহমান (৩৩) ও ঝিনাইদহের রিপন কুমার বিশ্বাস (৩২)। এছাড়া দুপুর ১২টায় পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত অতিক্রমের সময় ১ জন বাংলাদেশি নারীকে আটক করা হয়।
