ছবির ক্যাপশন:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের কোনো ছাড় নেই এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাড. মো. আসাদুজ্জামান। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের শৈলকূপায় ‘পরিবর্তন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই অমানবিক হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তাই করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত থেকে শুরু করে সবকিছুই করা হচ্ছে দ্রুত এবং গুরুত্বের সঙ্গে।’ সরকারের পক্ষ থেকে কোন গাফলতি বা শিথিলতা নেই জানিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এর থেকে ভালো প্রত্যাশা করি এবং তা উন্নতিরও প্রচেষ্টা চলছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিষয়ে যদি আর কোন অভিযোগ থাকে তবে আপনারা জানাতে পারেন।
এর আগে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সকালে বারোইপাড়া গ্রামে সুধী সমাবেশ, শৈলকূপা সরকারি কলেজ মাঠ, যুগনী গ্রাম এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। দিনব্যাপী তিনি শৈলকূপার বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ততম দিন কাটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। অনুষ্ঠানে পিপি অ্যাড. আব্দুল মান্নান ও রোটেক্স ফাউন্ডেশনের রোকনুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
