মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বাবু জয়ন্ত কুণ্ডু

বিএনপি অন্য দেশের ইশারায় নয়, দেশের স্বার্থে রাজনীতি করে

আপলোড তারিখঃ 2025-08-10 ইং
মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বাবু জয়ন্ত কুণ্ডু ছবির ক্যাপশন:

খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বলেছেন, বিএনপি একমাত্র দল, যারা অন্য দেশের ইশারায় নয়, বরং দেশের স্বার্থে রাজনীতি করে। ‘আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সৈনিক, তারেক রহমানের সৈনিক- আমরা কেবল বাংলাদেশের বৃষ্টি হলে বাংলাদেশের ছাতা ধরি’- বলেন তিনি।


গতকাল শনিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জয়ন্ত কুণ্ডু আরও বলেন, ‘হাসিনার সরকার কখনোই জনগণের মতামতকে গুরুত্ব দেয়নি, জনগণের ভোটে নির্বাচিতও হয়নি। এমনকি নিজের দলের জ্যেষ্ঠ নেতাদের কথাও শোনেন না তিনি। এক দল, এক দেশ, এক নেতা- এই পদ্ধতিতে চলার কারণেই আমরা তাকে ফ্যাসিবাদী বলি।’ তিনি সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশে বৃষ্টি হলে ছাতা ধরেন পলাতক হাসিনা। আবার কিছু দল আছে যারা লাহোর, করাচি, চীন বা মস্কোতে বৃষ্টি হলে বাংলাদেশের ছাতা ধরে। আরেকটি দল আছে যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। আমরা সেই রাজনীতিতে বিশ্বাসী নই।’



বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ১৫ বছর ৮ মাস নিরবচ্ছিন্নভাবে হাসিনার সরকারের বিরুদ্ধে লড়েছি। অনেকে বলে এই আন্দোলনে বিএনপির কোনো কৃতিত্ব নেই। আমি বলি, পিতা-মাতা সন্তানকে জন্ম দিয়ে মানুষ করল, পড়াশোনা শেখাল, আর বিয়ের পরে শ্বশুর-শাশুড়ি এসে বলছে- ও তো আমাদের সন্তান, তোমাদের কোনো কৃতিত্ব নেই। বিএনপির অবদানকে যারা অস্বীকার করে, তারা সেই অকৃতজ্ঞ সন্তানের মতো।’


জোট রাজনীতির প্রসঙ্গে জয়ন্ত কুণ্ডু বলেন, ‘অনেকে বলে নৌকা আর ধানের শীষ একই সাপের দুই বিষ। কিন্তু ২০১৮ সালে তারা যখন আমাদের সাথে জোট করে নির্বাচনে অংশ নিয়েছিল, তখন ধানের শীষ প্রতীক নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করেছে। তখন কি সেটি বিষ ছিল না? প্রয়োজন হলে অমৃত, না হলে বিষ- এটাই তাদের রাজনীতি।’



সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মো. ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, সদস্য মো. আলমগীর খান ছাতু, মো. আনছারুল হক, মো. হাফিজুর রহমান, মো. খাইরুল বাশার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন। বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বেলা দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শুরু হয়। প্রত্যক্ষভাবে ভোট গ্রহণের মধ্যদিয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন প্রফেসর ফয়েজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শহিদুল ইসলাম। ‎অপর দিকে, পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট এহান উদ্দিন মনা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)