ছবির ক্যাপশন:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জীবননগর উপজেলা প্রকৌশলী মো. মাহবুবউল হক মারা গেছেন। গতকাল শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলা প্রকৌশলী মো. মাহবুবউল হক বেশ সুস্থ এবং স্বাভাবিক ছিলেন। গত বৃহস্পতিবার উপজেলার কয়েকজনের সঙ্গে তাঁর বাইরে কাজের জন্য বের হওয়ার কথা ছিল। এ জন্য সকাল থেকে তাঁকে ফোন করা হচ্ছিল। তবে বেশ কয়েকবার ফোন করার পরও তিনি ফোন ধরছিলেন না। একপর্যায়ে ওই কর্মকর্তারা মাহবুবউল হকের কোয়ার্টারে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন তিনি অচেতন অবস্থায় স্ট্রোক করে পড়ে রয়েছেন। পরে উপজেলার কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাঁকে যশোরে নেওয়া হয়। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
জীবননগর উপজেলা প্রকৌশলী মো. মাহবুবউল হকের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি জীবননগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের ডিজিএম আব্দুল মাজেদ বলেন, ‘তার বড় বোন আমাদের বিলিংয়ের হেড ছিল। তিনিও গত বছর জুন মাসে একইভাবে আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন। অনেক স্মৃতি, অনেক আদর-ভালোবাসার ইতিহাস! কাজের ব্যাপ্তি, সিনিয়ররিটি সব মিলিয়ে অনেকটা নির্ভরতার জায়গা ছিল আমাদের দুজনের।’
