ছবির ক্যাপশন:
আটক রিয়াজ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। এসময় রিয়াজ উদ্দীনকে ভারতে পালাতে সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন, মিনহাজ উদ্দীন ও রিয়াজ উদ্দীনকে আটক করে।
সীমান্তের সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই অজ্ঞাত ব্যক্তিরা রিয়াজের কাছ থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে।
গতকাল শনিবার দুপুরে এ খবর জানতে পেরে সীমান্ত থেকে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের জেলেপোতা গ্রামের লোকজন তিন দালালসহ দিপু মনির ভাগ্নে ঢাকা দক্ষিণের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে মহেশপুর-৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন খবর নিশ্চিত করে বলেন, দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়াজের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে। মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল রফিকুল আলম জানান, এমন খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি পাঠানো হয়েছিল। স্থানীয় গ্রামবাসী জেলেপোতা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশে দিয়েছে বলে শুনেছি।
