ছবির ক্যাপশন:
মেহেরপুরে বাল্যবিবাহের অপরাধে বরকে ৭ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। জানা গেছে, ১৪ বছরের কন্যার সাথে ১৯ বছরের ছেলের বিবাহ অনুষ্ঠান আয়োজন করে পরিবার। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে বিয়ে করতে আসা ছেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম। দণ্ডাদেশপ্রাপ্ত ছেলেটি সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের খোকসা গ্রামের রহিদুল শেখের ছেলে রাব্বি রাসেল।
এসময় পাত্রপক্ষের অভিভাবক হিসেবে আসা পাত্রের দুলাভাই সজীব আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার পাত্রীপক্ষের অভিভাবকের কাছ থেকে ১৮ বছরের পূর্বে বিবাহ দিবে না মর্মে মুচলেকা গ্রহণ করেন। অভিযানে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া গ্রামপুলিশ, আনসার ব্যাটালিয়ন ও সদর থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
