ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে আহত সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন। গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আহত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এর আগে গত মঙ্গলবার জেলা জামায়াতে ইসলামীর সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্বেচ্ছাসেবকদের ধাক্কাধাক্কিতে কয়েকজন সাংবাদিক আহত হন। ঘটনার পর থেকেই আহত সাংবাদিকদের সার্বিক খোঁজখবর রাখছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন। গতকাল বুধবার মতবিনিময়কালে তিনি বলেন, ‘আমাদের কর্মীদের আমরা প্রশিক্ষণ দিই। তারপরও অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে গেছে। আমরা দুইজন স্বেচ্ছাসেবককে চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ, জাতির বিবেক। তাদের কাজ করার সুযোগ দিতে হবে। পরবর্তীতে আমাদের যে কোনো আয়োজনে আমরা কীভাবে গণমাধ্যমের সুযোগ নিশ্চিত করা যায়, সেটা আরও দৃঢ়ভাবে পরিকল্পনা করা হবে। প্রয়োজনে আমরা গণমাধ্যম ভাইদের জন্য আলাদা কার্ড রাখবো।’ এসময় তিনি অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।
সংক্ষিপ্ত মতবিনিময়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি বলেন, ‘আমাদের কয়েকজন সাংবাদিক ধাক্কাধাক্কির শিকার হয়েছিলেন। জামায়াতে ইসলামীর আমির তাদের খোঁজখবর নিয়েছেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমাদের কাছে এই ভালোবাসা ইতিবাচক মনে হয়েছে।’
এসময় তরুণ সংবাদ কর্মীদের মধ্যে থেকে জামায়াত ইসলামীকে ধন্যবাদ জানান আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী। সংক্ষিপ্ত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, আহত সাংবাদিক খাসখবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক আলমগীর রনি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক নাজমুল সামি, দৈনিক আজকের চুয়াডাঙ্গার স্টাফ রিপোর্টার মুন্না রহমান, রেডিও চুয়াডাঙ্গার নিজস্ব প্রতিবেদক অর্ণব আহমেদ আশিক, জাতীয় দৈনিক দেশ বুলেটিন ও রেডিও চুয়াডাঙ্গার নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন, সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন আনিস প্রমুখ।
