চুয়াডাঙ্গায় রোগী কল্যাণ সমিতির মতবিনিময় সভায় বিএনপি নেতা শরীফুজ্জামান

সদর হাসপাতালে সেবার মান বাড়াতে বেসরকারি সহায়তার আশ্বাস

আপলোড তারিখঃ 2025-08-07 ইং
চুয়াডাঙ্গায় রোগী কল্যাণ সমিতির মতবিনিময় সভায় বিএনপি নেতা শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় রোগী কল্যাণ সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমানে অস্থিতিশীল অবস্থার মধ্যে দেশ পরিচালিত হচ্ছে। দেশে বর্তমানে কোনো শৃঙ্খলা বা চেইন অব কমান্ড নেই। দেশের সব সেক্টরে বিশেষ করে স্বাস্থ্যখাতে বদলি হওয়া, বদলি ঠেকানো- এগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে, সদর হাসপাতালে অ্যানেসথেসিয়া ডাক্তার না আসার কারণ, এখানে যেসব ক্লিনিকে অপারেশন করে থাকে, তাদের একটি সিন্ডিকেট জড়িত। এটা আমার ব্যক্তিগত ধারণা।’


তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা করায় আমরা খুশি হয়েছি। আসলে দেশে দলীয় সরকার না হলে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যে অরাজকতা চলছে, তা ঠিক হবে না। যখন দলীয় সরকারের অধীনে রাষ্ট্র সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, তখন আমরা সব সেক্টরে কাজ করতে পারবো। তবুও এ প্রতিকূলতা মধ্যেও যারা কমিটির দায়িত্ব যারা পেয়েছেন, সকলকে ঐক্যবদ্ধভাবে যতটুকু পারা যায়, সম্মিলিতভাবে কাজ করার চেষ্টা করবেন।’


শরীফুজ্জামান বলেন, ‘সদর হাসপাতালে জনবলের ঘাটতি রয়েছে। এখানে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করে, তাদের তো আমরা বেতন দিতে পারি না। তারা রোগীদের কাছ থেকে কিছু টাকা নিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এক্ষেত্রে তত্ত্বাবধায়কসহ অন্যান্য যারা রয়েছেন, তাদের বদনাম হয়। এখানে কিছু করার নেই। যদি আমরা স্বেচ্ছাসেবকদের বেতনের ব্যবস্থা করতে পারি, তাহলে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে। নির্বাচনের আর ৭ মাস বাকি। এই ৭ মাসে আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে। হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী দরকার। হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের আগে থাকার মতো অবস্থা তৈরি করতে হবে। রোগীরা যেন বলতে না পারে, এখানে থাকারই পরিবেশ নেই তো চিকিৎসা কীভাবে হবে? ভিন্ন ভিন্ন চিন্তা করে কীভাবে মানুষকে সেবা দেয়া যায়, সেটি চিন্তা করতে হবে। এছাড়া যেসব রোগীদের একান্ত প্রয়োজন, তাদের দিকে এগিয়ে যেতে হবে।


কোনো তদবির ছাড়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারলে দেশ এগিয়ে যাবে। আমরা যে যার অবস্থান থেকে চেষ্টা করব। আর পরিচ্ছন্নতা কর্মীদের বেতন দিয়ে কাজ করাতে পারলে ভালো হবে। আপনারা চাইলে আমি ভিন্নভাবে সেগুলোর ব্যবস্থা করার চেষ্টা করব। চুয়াডাঙ্গার অনেক সমাজসেবক ভাইয়েরা আছেন, যারা এসব কাজে ব্যয়ভার বহন করতে প্রস্তুত। আপনারা পরিকল্পনা করে এসবগুলো কীভাবে করা যায়, তার উদ্যোগ নেবেন। আমাকে যখন প্রয়োজন হবে ডাকবেন, আমি হাজির হয়ে যাবো। যদি হাজির হতে নাও পারি, তবুও আমি লোক মারফত সেটি সমাধানের চেষ্টা করব।’


শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘হাসপাতালের উন্নয়ন ও অসহায় রোগীদের পাশে সর্বদা থেকে রোগী কল্যাণ সমিতির নবগঠিত কমিটি কাজ করবে বলে আমার বিশ্বাস। কমিটিতে সমাজের সব শ্রেণি-পেশার ব্যক্তিদের সমন্বয় করে গঠন করা হয়েছে। হাসপাতালটিতে রোগীরা এসে যাতে দ্রুত ও মানসম্মত সেবা পায়, সে ব্যাপারে সকলে এক হয়ে কাজ করবেন। আমি হাসপাতালের যে কোনো ভালো কাজের সাথে আছি। প্রয়োজনে আমাকে ডাকলে আপনাদের পাশে পাবেন।’


হাসপাতাল সমাজসেবা অফিসার ও রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাঈদ হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ড. হাদী জিয়া উদ্দিন আহমেদ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সহসভাপতি সিদ্দিকা সোহেলী রশীদ।  এছাড়া বক্তব্য দেন সদর হাসপাতালের আবাসিব মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিব সাদী, রোগী কল্যাণ সমিতির সহসভাপতি ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সমিতির সহসভাপতি রউফুন্নাহার রিনা, প্রচার সম্পাদক মঞ্জুরুল জাহিদ, পুনর্বাসন সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য মফিজুর রহমান মনা, লিটু বিশ্বাস, রাফিতুল্লাহ মহলদার, আরিফ হোসেন জোয়ার্দার সোনা, রাজীব হাসান কচি ও সোহেল আহম্মেদ মালিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)