ছবির ক্যাপশন:
জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ দুই তরুণ- মাসুদ রানা ও শুভর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকালে পৃথকভাবে শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় প্রথমে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামে শহিদ মাসুদ রানার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে, তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। শহিদ মাসুদ আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সালাম বিপ্লব, ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আমানুল্লাহ আমানসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
অপর দিকে, একই সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহিদ শুভর কবরে শ্রদ্ধা জানাতে যায় জেলা বিএনপির আরেকটি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শহিদ শুভর কবর জিয়ারত শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, ‘শহীদ শুভ ছিলেন ছাত্র-জনতার অধিকার আদায়ের আন্দোলনের সাহসী অগ্রসেনানী। তার আত্মত্যাগ রাজনৈতিক ইতিহাসে গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।’ নেতারা আরও বলেন, ‘বর্তমান দুঃসময়ে শুভ ও মাসুদের মতো তরুণদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।’
অনুষ্ঠানে শহিদদের পরিবার সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় এবং কবরে কিছুক্ষণ নীরবতা পালন করেন উপস্থিত নেতা-কর্মীরা।
