গড়াইটুপিতে ইউপি ভবনের স্থান নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ

সংঘর্ষের আশঙ্কায় স্থান ত্যাগ করলেন কর্মকর্তারা

আপলোড তারিখঃ 2025-08-05 ইং
গড়াইটুপিতে ইউপি ভবনের স্থান নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ ছবির ক্যাপশন:

নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবনের স্থান পরিদর্শনে গিয়েছিলেন চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গড়াইটুপি ইউনিয়নের অস্থায়ী কার্যলয়ে উপস্থিত হন তারা। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এই দুই কর্মকর্তা। ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে দুটি সরকারি জমি নির্ধারিত রয়েছে উল্লেখ করে উপ-পরিচালক শারমিন আক্তার বলেন, ‘কোন স্থানে ভবন নির্মিত হবে, তা এলাকার জনগণই ঠিক করবেন। আমাদের লক্ষ্য, ইউনিয়নবাসী যেন সহজে পরিষেবাগুলো গ্রহণ করতে পারেন।’


ইউএনও এম. সাইফুল্লাহ বলেন, ‘জনমতের ভিত্তিতেই ভবনের স্থান নির্ধারণ করা হবে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের দ্বন্দ্ব না থাকে।’ পরে তিনি উপস্থিত ১৬টি গ্রামের মানুষের মধ্যে উন্মুক্ত মতামত গ্রহণ করেন। এতে শত শত মানুষ চিত্রা নদীর তীরে অস্থায়ী কার্যালয়ের পাশে ভবন নির্মাণের পক্ষে হাত তোলেন। বিপরীতে মাত্র কয়েকজন মাঝপাড়া এলাকার আওলাদ হোসেনের দানকৃত জমিতে ভবন নির্মাণের পক্ষে মত দেন।
মতামত গ্রহণ শেষে পরিদর্শনকারীরা মাঝপাড়ার সরকারি জমিটি পরিদর্শনে গেলে সেখানে কয়েকটি গ্রুপের মধ্যে তীব্র মতবিরোধ ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে সংঘর্ষের আশঙ্কায় কর্মকর্তারা দ্রুত স্থান ত্যাগ করেন।


তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন বলেন, ‘২০১৭ সালে ৪৯ শতক জমি তিতুদহ ইউনিয়ন পরিষদের নামে সরকারিকরণ করা হয়। পরে গড়াইটুপি ইউনিয়ন গঠিত হলে পরিষদের কার্যক্রম চলে মরহুম চেয়ারম্যান সাইদুর রহমান সাব্দারের বাড়িতে, যা সেবা প্রদান ও গ্রহণে অনেকটা সমস্যার সৃষ্টি করে। সে চিন্তা থেকেই এলাকাবাসীর মতামতে চিত্রা নদীর তীরে অস্থায়ী ভবন নির্মাণ করা হয়। মনোরম পরিবেশ ও সহজ যাতায়াত ব্যবস্থার কারণে সেবাগ্রহীতারা এখানেই ভবন চান।’


পরিদর্শনকালে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের প্রশাসক আসিফ ইকবাল, সচিব মোস্তাফিজুর রহমান, তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুর রশিদ, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)