ছবির ক্যাপশন:
দর্শনা পৌরসভার রাস্তায় স্থাপন করা ১১২টি সোলার এলইডি ল্যাম্পপোস্টের প্রায় সবকটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় পৌর সহায়ক হারুন অর রশিদ হারুন দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এলইডি ল্যাম্প, চার্জার সোলার লাইট, ১০টি ব্যাটারি, চোরাইকৃত মালামাল ও ব্যাটারিচালিত মোটরসাইকেলসহ ৫ কিশোর-যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে দর্শনা শামসুল ইসলাম সড়কের ঈশ্বরচন্দ্রপুর মাঠে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট সড়কের ওপর এলইডি লাইট খোলার সময় পুলিশ দুইজনকে হাতেনাতে ধরে ফেলে।
গেপ্তারকৃতরা হলেন, দর্শনা ঈশ্বরচন্দ্রপুর মাঝপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাসিবুল রহমান (১৯) ও আখতারুল ইসলামের ছেলে শিপন মিয়া (২৫)। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়Ñমোবারকপাড়ার মৃত সেলিমের ছেলে হামিদুল ইসলাম (২৮), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে আকাশ (১৭) এবং আমিরুলের ছেলে শিহাব (১৭)। তাদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ বিভিন্ন জায়গা থেকে চোরাই সোলার লাইট, ব্যাটারি ও চার্জার মোটরসাইকেল উদ্ধার করে। গতকালই আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দর্শনা পৌর প্রশাসক এএইচএম তাসফিকুর রহমান বলেন, ‘আমরা পৌরসভার সব রাস্তায় সোলার ল্যাম্প বসিয়েছিলাম। কিন্তু চোরেরা একে একে সব চুরি করে নিচ্ছে। শুনে আমরা সঙ্গে সঙ্গে অভিযোগ করি। পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত মালামালসহ ৫ জনকে আটক করেছে।’
