ছবির ক্যাপশন:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর আদর্শ আন্দুলিয়ায় ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শফি উদ্দিনের ছেলে নাসির ও শিশির উদ্দিন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক একটি বিতর্কিত জমি দখলের চেষ্টা চালায়। দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে থানার অধীন তাহেরহুদা মৌজার ৪২৮ নম্বর আরএস খতিয়ানের ১৪ শতক জমির মধ্যে ৭ শতক জমির ওপর হরিণাকুণ্ডু থানা বিজ্ঞ আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি করে। ওই ধারা অনুযায়ী, উক্ত জমিতে কোনো জমায়েত বা প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নাসির ও শিশির হঠাৎ জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ফেলে এবং একটি টিনের দোকানঘর ভাঙচুর করে। এ সময় মনিরুল বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি জানতে চাইলে শিশির উদ্দিন জানান, ‘বিজ্ঞ আদালতের একতরফা রায়ের ভিত্তিতেই আমরা জমি দখল করতে গিয়েছিলাম।’ অপরপক্ষের দাবি, তারা দীর্ঘ ২৮ বছর ধরে ওই জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। শিশির ও নাসির আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে বাধা দিতে গেলে মারধর করে। এ বিষয়ে মো. হামিদুল ইসলাম মিঠুল বলেন, ‘আমরা আদালত ও প্রশাসনের আইন অনুযায়ী যা সিদ্ধান্ত দেবে, তা বিনা শর্তে মেনে নেব।’
