জয়রামপুরে ট্রেন থামিয়ে অবস্থান কর্মসূচি

সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেসের স্টপেজ দাবি

আপলোড তারিখঃ 2025-08-03 ইং
জয়রামপুরে ট্রেন থামিয়ে অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন:

দামুড়হুদার ঐতিহ্যবাহী জয়রামপুর রেলস্টেশনে সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন স্টপেজের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৪টায় শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন শতাধিক স্থানীয় মানুষ। এই কর্মসূচি চলাকালে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ৪৫ মিনিট ট্রেন দুটি আটকে রাখা হয়। স্টেশনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা প্ল্যাকার্ড হাতে দাবিদাওয়া তুলে ধরেন।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এইচ. তাসফিকুর রহমান। পরে সেখানে যান দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির এবং সেনাবাহিনীর একটি দল। মানববন্ধন শেষ হওয়া পর্যন্ত আইনকৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল।


মানববন্ধনে বক্তারা বলেন, জয়রামপুর রেলস্টেশন একসময় জেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল স্টেশন ছিল। রাজশাহী মেডিক্যালসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের ক্ষেত্রে এই স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। অথচ বর্তমানে এই স্টেশন প্রায় বন্ধ হয়ে গেছে।


স্থানীয় সাবেক সেনাসদস্য লাজিব আখতার সিদ্দিকী বলেন, ‘এই স্টেশনে আগে স্টেশন মাস্টার, গেটম্যান ও স্টাফদের থাকার সুব্যবস্থা ছিল। এখন কিছুই নেই। স্টেশনটি কার্যত বন্ধ হয়ে গেছে। আমরা চাই এটি নতুন করে চালু হোক এবং সাগরদাঁড়ি ও কপোতাক্ষ ট্রেন এখানে নিয়মিত থামুক।’


মানবকল্যাণ যুব সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম মিলন বলেন, ‘গেটম্যান না থাকায় এখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। অথচ একসময় এখানে ৪৭ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত ছিলেন। ১৮৬২ সালে গেদে থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত রেললাইন চালু হয়, তখন থেকেই জয়রামপুর স্টেশন ছিল অত্যন্ত সচল। এই স্টেশন ঘিরে ছিল গুড়ের হাট। এখান থেকে ট্রেনযোগে দেশের বিভিন্ন প্রান্তে খেজুরের গুড় যেত। স্থানীয় কৃষিপণ্যের বাণিজ্যও ছিল রেলনির্ভর। সবকিছুই এখন স্তব্ধ। আমরা অবিলম্বে স্টেশন চালুর পাশাপাশি সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেসের নিয়মিত স্টপেজ চাই।’


স্থানীয়দের দাবি, দুই লাখের বেশি মানুষ এই স্টেশনের ওপর নির্ভরশীল। তাই জরুরি ভিত্তিতে স্টেশনটি চালু করে পুনরায় ট্রেন থামানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয়রা মানববন্ধন শেষ করে অবস্থান কর্মসূচি তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)