চুয়াডাঙ্গায় রেমিট্যান্স যোদ্ধা দিবসের আলোচনা সভায়- জেলা প্রশাসক

দেশের অর্থনীতিতে প্রবাসীরা অগ্রণী ভূমিকা রাখছেন

আপলোড তারিখঃ 2025-08-03 ইং
চুয়াডাঙ্গায় রেমিট্যান্স যোদ্ধা দিবসের আলোচনা সভায়- জেলা প্রশাসক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ২৩ জুলাই রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিসি সাহিত্য মঞ্চে এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির ভিত শক্ত করতে প্রবাসীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। একজন রেমিট্যান্স যোদ্ধা বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। বিদেশে যাওয়ার আগে অবশ্যই সরকারি টিটিসি থেকে প্রশিক্ষণ নিতে হবে এবং বৈধভাবে যেতে হবে। কোনোভাবেই দালালের খপ্পরে পড়া যাবে না। দালালের মাধ্যমে বিদেশ গেলে জীবনের সবকিছু হারাতে হতে পারে। তাই সরকারি লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য নিয়ে বিদেশ গমনের প্রস্তুতি নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।’


চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার তানজিলুর রহমান।


সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার আব্দুল হালিম। অনুষ্ঠান শুরু হয় মাহাবুবুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আনোয়ার কবীর। আলোচনায় রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেন মালয়েশিয়া প্রবাসী হাসান এবং সৌদি প্রবাসী বজলুর রহমান। অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে জর্ডান প্রবাসী পারভীন ও আমেরিকা প্রবাসী আনসার আলীকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, টিটিসি’র শিক্ষক-শিক্ষার্থী এবং রেমিট্যান্স যোদ্ধাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)