ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৭ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির হাতে হস্তান্তর করেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সীমান্ত মেইন পিলার ১০৫-এর শূন্যরেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর মুজিবনগর কোম্পানির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শ্রী তাপস কুমার। অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধরমেন্দ্রদাহ।
পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ১৭ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা নাগরিকদের মধ্যে রয়েছে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন অপ্রাপ্তবয়স্ক শিশু। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি এর সহকারী পরিচালক মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, হস্তান্তরপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকারও করেছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ফেরত আসা ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।
