মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

নারী-শিশুসহ ৭ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-07-31 ইং
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মাদক ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমে নিয়োজিতদের বিরুদ্ধে টানা অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৮ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপি’র পৃথক অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার ভোরে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৮-এস থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছটাংগাপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি। হাবিলদার এইচ এম ফিরোজের নেতৃত্বে পরিচালিত মাদক বিরোধী এ অভিযানে আসামিবিহীন ৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। একই দিন দুপুর ১২টায় বাঘাডাঙ্গা বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৬০/৩৩-আর এর ২০০ গজ ভেতরে হুদাপাড়া গ্রামের মাঠ এলাকা থেকে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ২ নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। টহল দলের নেতৃত্বে ছিলেন হাবিলদার জিনারুল ইসলাম। আটককৃতদের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়। একই দিন বেলা ছয়টায় কুসুমপুর বিওপি’র টহলদল সীমান্ত পিলার ৬১/২০-আর এর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামে অভিযান চালায় নায়েক মো. আবু সাঈদ। এসময় ভারতগামী অবস্থায় ২ নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।


রাত সাড়ে ১০টায় লড়াইঘাট বিওপি’র অধীন নয়াপাড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে সীমান্ত পিলার ৬০/১৩৭-আর এর ৭০০ গজ অভ্যন্তরে থেকে আরও ১ নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। হাবিলদার আতোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত নিয়মিত টহলে আটক হন তিনি। তাকেও মহেশপুর থানায় সোপর্দ করা হয়।


এদিকে, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র টহলদল কুমিল্লাপাড়া গ্রামের মাঠে সীমান্ত পিলার ৬০/৪৭-আর এর ২০০ গজ ভেতরে অভিযান চালায়। নায়েক খোদাবক্সের নেতৃত্বাধীন টহলদল ভারতগামী অবস্থায় ১ নারী ও ১ শিশুকে আটক করে। তাদেরও মহেশপুর থানায় সোপর্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ পারাপার রোধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)